চারটি বড় দুশ্চিন্তা
মানুষ সাধারণত চারটি বিষয় নিয়ে দুশ্চিন্তা করে – টাকা, সম্পর্ক, মানসম্মান এবং স্বাস্থ্য! এগুলো সবই একদিন চলে যাবে, তবুও আপনি এগুলো নিয়ে দুশ্চিন্তা করেন।
জীবনকে বড় দৃষ্টিকোণ থেকে দেখুন। দশ বছর আগে আপনি কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা করেছিলেন, কিন্তু আপনি আজও বেঁচে আছেন। পাঁচ বছর আগেও দুশ্চিন্তা করেছিলেন, তিন বছর আগেও করেছিলেন। এই দুশ্চিন্তা আপনার কিছুই করতে পারেনি। আপনি শুধু আপনার শরীরে আরও কিছু বিষ জমিয়েছিলেন। তবু জীবন তো যে করে হোক চলতেই থাকে।
কী এমন জিনিস আপনাকে বিরক্ত করছে? জেগে উঠুন এবং দেখুন, সবকিছুই একদিন শেষ হয়ে যাবে। সবকিছু একদিন তার শেষপ্রান্তে পৌঁছবে। সবকিছুই একদিন শেষ হবে – এই উপলব্ধি আপনাকে মনের দুশ্চিন্তা করার স্বভাব থেকে মুক্ত করতে পারে। যখন আপনি দেখবেন যে সবকিছু পরিবর্তন হচ্ছে, মিলিয়ে যাচ্ছে, তখন আপনি যেমন দৃঢ আর শক্তিশালী হবেন, তেমনই নরম আর নিজের ভিতরে কেন্দ্রীভূত হয়ে উঠবেন।
দুশ্চিন্তা করা অর্থহীন, কিন্তু যা আপনাকে ভাবাচ্ছে বা যা আপনি চাইছেন, সেই বিষয়ে কাজ করলে আপনার উপকার হবে। কাজ করার জন্য আপনার শক্তি ও সক্রিয়তার প্রয়োজন।আধ্যাত্মিক অনুশীলন আপনার শক্তি ও ইতিবাচকতা বাড়াতে সক্ষম।
দুশ্চিন্তার উৎস
টাকাই কি আপনার দুশ্চিন্তার কারণ? পাখিদের দেখুন, সমস্ত প্রাণীদের দেখুন—তারা সবাই খাবার পায়।
প্রকৃতি সবকিছুই দেয়। প্রকৃতি এক বিশাল দাতা—তাই বিশ্বাস রাখুন প্রকৃতিই আপনার প্রয়োজন মেটাবে। আপনার চেতনা একটি ক্ষেতের মতো; আপনি যে বীজ বপন করবেন, সেটাই অঙ্কুরিত হবে। আপনি যদি অভাবের বীজ বপন করেন, অভাবই আসবে। আর যদি বলেন, “হ্যাঁ, প্রাচুর্য আছে”, তবে প্রাচুর্যই আসবে।
সম্পর্ক আপনাকে সমস্যায় ফেলে, আর আপনি ভীষণভাবে মর্মাহত হয়ে পড়েন। জেগে উঠুন এবং দেখুন। সম্পর্ক শুরু হওয়ার আগেও আপনি ভালোই ছিলেন—বেঁচে ছিলেন, চলাফেরা করেছিলেন, হাসছিলেন সুখে । আপনার যার সঙ্গে সম্পর্ক তৈরি হলো, তার সঙ্গে দেখা হওয়ার আগের দিনগুলো মনে করুন। জীবন তখনও ঠিক ছিল। এমনকি সম্পর্ক ভেঙে যাওয়ার পরও তেমনই থাকবে। তাহলে এ নিয়ে এত মন খারাপ করার কী আছে?
সবকিছুই একদিন শেষ হবে – এই উপলব্ধি আপনাকে দুশ্চিন্তার প্রবণতা থেকে মুক্ত করতে পারে।
– গুরুদেব শ্রীশ্রী রবিশঙ্কর
আপনি কি স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা করছেন? আপনি নিজে নিজেকে কতটা সুস্থই বা রাখতে পারবেন? আপনি যতই সুস্থ থাকুন না কেন, একদিন সবকিছু শেষ হবে, আর শরীরের সঙ্গে আপনার সংযোগ শেষ হবে। এটার মানে এই নয় যে সুস্থ থাকবেন না—কিন্তু বসে বসে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করা সম্পূর্ণ অর্থহীন।
বসে বসে স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা করা আর দুশ্চিন্তা করা একেবারেই নিরর্থক। যত বেশি আপনি চিন্তা করবেন, আপনার স্বাস্থ্য ততই খারাপ হবে। এতে শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ বাড়ে, যা শরীরের সুস্থ হবার গতি কমিয়ে দেয়।
আপনি যদি চাকরি পাওয়া নিয়ে উদ্বিগ্ন হন, আর আপনার চেহারায় সে উদ্বেগ স্পষ্ট দেখা যায়— তাহলে কি কেউ আপনাকে চাকরি দেবে? কোনো নিয়োগকর্তা কি এমন কাউকে নেবে যাকে দেখলে মনে হয় সে সবসময় চিন্তিত, নিষ্প্রাণ, অন্যমনস্ক, অখুশী, দুঃখী? আপনি নিজে যদি নিয়োগকর্তা হন, আপনি কি এমন কাউকে চাকরি দেবেন যার মধ্যে কোনো উদ্যম নেই, কোনো প্রফুল্লতা নেই, কেবল মুখে দুশ্চিন্তার ছাপ? আপনি যদি ব্যবসায়ী হন আর শুধু দুশ্চিন্তা করেন তাহলে কি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন?
আপনি যদি অবিবাহিত হন আর জীবনসঙ্গী পেতে চান আর আপনার মুখে যদি সারাক্ষণ দুশ্চিন্তার ছাপ থাকে তাহলে কি কেউ আপনাকে সঙ্গী হিসেবে চাইবে? আপনি নিজেই কি এমন কাউকে বেছে নেবেন, যে সব সময় মলিন ও চিন্তিত? আপনি তো আনন্দে ভরপুর, উৎসাহী, প্রাণবন্ত কাউকেই বেছে নেবেন, তাই না? মনে রাখবেন , পৃথিবীতে ৮০০ কোটি মানুষের মধ্যে ৩৫০ কোটির বেশি আপনার বিপরীত লিঙ্গের আর সম্বন্ধ করবার উপযুক্ত বয়সের। তাহলে সঙ্গী পাওয়া নিয়ে এত দুশ্চিন্তা কেন?
দুশ্চিন্তার বিষয়ে জ্ঞান
জীবনকে বড় পরিসরে দেখুন। কল্পনা করুন, আপনি মানসিক হাসপাতালে গেছেন। সেখানে থাকা মানুষের কথা শুনুন, তাদের অবস্থা দেখুন আর ঈশ্বরকে ধন্যবাদ দিন যে আপনি সেখানে ভর্তি হওয়া রোগী নন, আপনি কেবল একজন দর্শনার্থী।
এটাও যদি কাজ না করে, তাহলে শ্মশান বা কবরস্থানে যান। প্রতিদিন কত মানুষ সেখানে আসে, সৎকার হয়। একদিন আপনাকেও সেখানে যেতে হবে। তাহলে দুশ্চিন্তার অর্থ কী?
আপনার জীবন যতই ভালো হোক, আপনি যতই ধনী বা বিখ্যাত বা ক্ষমতাবান হন না কেন— শেষ পর্যন্ত সবাইকেই দাহ করা হবে বা কবর দেওয়া হবে। অর্ধেক দিন শ্মশানে বসে থাকলেই দেখবেন— মানুষ দেহ নিয়ে আসে, একটু কাঁদে, দাহ করে— তারপর বাড়ি ফিরে রাতের খাবার খায়। পরের দিন সকালে জলখাবারও খাবে।
পর্দা একদিন না একদিন নামবেই। তাহলে দুশ্চিন্তাই বা কেন?
কিন্তু এর মানে এই নয় যে, যেহেতু সবই একদিন শেষ হয়ে যাবে, তাই আত্মহত্যা করে ফেলতে হবে। প্রকৃতিকে তার নিজের পথে চলতে দেবেন । প্রকৃতির কাজে হস্তক্ষেপ করবেন না। অন্যদের জন্য সমস্যা তৈরি করবেন না, তাদের কষ্ট দেবেন না।
আধ্যাত্মিক অনুশীলন প্রাণশক্তি বাড়ায়, আপনি আরও কাজ করতে পারবেন । এটা আপনাকে আপনার হৃদয়ের সঙ্গে, আপনার অনুভূতির সঙ্গে যুক্ত হতে সাহায্য করে, যাতে আপনি চিন্তার জালে আটকে না পড়েন।
– গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর
আত্মহত্যা অর্থহীন, কারণ আপনাকে আবার একই চক্রের মধ্য দিয়ে যেতে হবে। আবার জন্ম নিতে হবে, আবার সেই সব একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। বরং এখানেই সব সমাপ্ত করুন এটা জেনে যে এই সবই একদিন শেষ হয়ে যাবে।
দুশ্চিন্তার প্রক্রিয়া
যখন আপনি কিছু পেতে চান, তখন আপনার মধ্যে ইচ্ছা জন্মায়। এই ইচ্ছা পূরণের জন্য আপনাকে নিজের সবটুকু শক্তি দিয়ে , মনপ্রাণ দিয়ে কাজ করতে হয়।
যখন আপনি আপনার ইচ্ছা পূরণের জন্য কাজ করতে পারেননা, শুধু সেটা নিয়ে ভাবতেই থাকেন— তখনই দুশ্চিন্তা জন্মায়। আপনার ইচ্ছাশক্তি আর কর্মশক্তি — এই দু’টির মধ্যে সামঞ্জস্য থাকা দরকার।
চিন্তা করা সম্পূর্ণ নিরর্থক। এতে কোনো ফল পাওয়া যায় না।
কিন্তু যা আপনাকে ভাবনায় ফেলেছে বা যা আপনি চান— তার জন্য কাজ করলেই ফল পাওয়া যায়।
আধ্যাত্মিকতা মানুষকে শক্তি দেয় – কাজ করার, এগিয়ে চলার শক্তি। আধ্যাত্মিক অনুশীলন আপনার ভেতরে প্রাণশক্তি বাড়িয়ে তোলে, তাই আপনি কাজ করতে পারেন । আপনাকে আপনার হৃদয়ের সঙ্গে, আপনার অনুভূতির সঙ্গে যুক্ত করে – যাতে আপনি কেবল চিন্তার জটে আটকে না পড়েন।
মাথা চিন্তা করে, হৃদয় অনুভব করে। মাথা ও হৃদয় – দু’টি একসঙ্গে কাজ করতে পারে না। যখন অনুভূতি জাগে, তখন চিন্তা দুর হয়ে যায়। যদি আপনি খুব বেশি চিন্তা করেন , তাহলে আপনার অনুভূতিগুলো মরে যায়, আপনি শুধুই চিন্তার জটে আটকে পড়েন। চিন্তা আপনার মন আর হৃদয়কে নিস্তেজ ও নিষ্ক্রিয় করে দেয়। দুশ্চিন্তা হলো মাথার ভেতর একটা ভারি পাথরের মতো। দুশ্চিন্তা মানুষকে বেঁধে রাখে খাঁচার মধ্যে। মানুষ যখন অনুভব করে, তখন দুশ্চিন্তা করে না।
অনুভূতি ফুলের মতো—ওগুলো উঠে আসে, ফোটে, তারপর ঝরে যায়। অনুভূতি আসে-যায়, ভেতরে জমে থাকে না। যখন অনুভূতি প্রকাশ করা হয়, তখন মন হালকা হয়ে যায়। আপনি রাগ করলে রাগটা প্রকাশ করেন – পরের মুহূর্তেই ঠিক হয়ে যান। আপনি কষ্ট পেলে কাঁদেন – তারপর স্বাভাবিক হয়ে যান। অনুভূতি অল্প সময় স্থায়ী হয় এবং তারপর মিলিয়ে যায়। কিন্তু চিন্তা দীর্ঘ সময় ধরে আপনাকে খেয়ে ফেলে— ধীরে ধীরে পুরোটা গ্রাস করে। অনুভূতি মানুষকে স্বতঃস্ফূর্ত করে তোলে। শিশুরা অনুভব করে বলে তারা স্বতঃস্ফূর্ত।
প্রাপ্তবয়স্করা তাদের অনুভূতিকে লাগাম ধরে আটকায়— আর চিন্তা করতে শুরু করে। যে কোনো বিষয়ে বেশি চিন্তা করলে কাজ বাধাগ্রস্ত হয়; কিন্তু অনুভূতি মানুষকে কাজের দিকে এগিয়ে দেয়।











