আপনি কোনটি বেছে নেবেন? এমন একটি সাধারণ খাদ্যতালিকা যাতে সমস্ত প্রয়োজনীয় পুষ্টি রয়েছে, কিন্তু যা আপনার শরীরের সঙ্গে মানানসই হতে পারে বা নাও হতে পারে—নাকি এমন স্বাস্থ্যকর, প্রাকৃতিক এবং সুস্বাদু খাবার যা আপনার রুচির সঙ্গেও মানিয়ে যায়?
প্রশ্নটি শুনতে খুবই সহজ, তাই না? স্বাভাবিকভাবেই দ্বিতীয় বিকল্পটিই যেন সব দিক থেকে উত্তম বলে মনে হয়! কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রতিদিনের জীবনে আমরা অধিকাংশ মানুষই প্রথম বিকল্পটিকেই বেছে নিই।
অবশ্য আপনি হয়তো বিশ্বাস করবেন না যে আপনিও তাই করছেন। কারণ আপনি তো আপনার খাদ্যতালিকায় রুটি, ভাত, ডাল, সবুজ শাকসবজি, ফল, বাদাম, দুধ, দই এবং জল রাখেন। আপনি খুব যত্ন করে নিশ্চিত করেছেন যে শরীর যেন প্রতিটি পুষ্টি উপাদান পায়, আর তাই ভেবেছেন এতে নিশ্চয়ই সুস্বাস্থ্য বজায় থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত, সবসময় তা নাও হতে পারে।
সমস্যাটি হল, আপনি যে সাধারণ খাদ্যাভ্যাস অনুসরণ করছেন তা হয়তো আপনার শরীরের জন্য সবচেয়ে উপযুক্ত নয়। কারণ আমাদের প্রত্যেকের শরীরের চাহিদা, ভারসাম্যহীনতা এবং বিপাকক্রিয়া (metabolic rate) আলাদা।
তাহলে কীভাবে এমন সঠিক নির্বাচন করবেন যা এই সমস্ত বিষয়কে গুরুত্ব দেয়?
এইখানেই আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ন্যাচারোপ্যাথি ডায়েট। ন্যাচারোপ্যাথি শব্দটির ইতিহাস প্রায় বেদের যুগ পর্যন্ত পৌঁছে যায়, যার বয়স আনুমানিক ৩,৫০০ বছর! অথর্ববেদে প্রাকৃতিক চিকিৎসার উল্লেখ পাওয়া যায়। তবে সাম্প্রতিক সময়েই এটি আবার নতুন করে গুরুত্ব পাচ্ছে। কারণ বর্তমানে জীবনযাপন পদ্ধতি ও খাদ্যাভ্যাসজনিত নানা সমস্যা দ্রুত বেড়ে চলেছে।
নিচে কয়েকটি সাধারণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল, যা ন্যাচারোপ্যাথি চিকিৎসা এবং এর উপর ভিত্তি করে তৈরি খাদ্যাভ্যাস সম্পর্কে আপনার আগ্রহ মেটাতে ও সন্দেহ দূর করতে সাহায্য করবে।
1. ন্যাচারোপ্যাথি কি ?
এটি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা বিশ্বাস করে যে আমাদের শরীরে থাকা পাঁচটি মৌলিক উপাদানের (বায়ু, জল, অগ্নি, মাটি এবং আকাশ ) ভারসাম্য বজায় রেখে রোগ বা শারীরিক সমস্যার চিকিৎসা করা যায়। এটি সম্পূর্ণভাবে যন্ত্রণাহীন এবং শরীরের পক্ষে ক্ষতিকারক নয়।
এই চিকিৎসা পদ্ধতি শরীরকে এমনভাবে সহায়তা করে যাতে ওষুধের ব্যবহার ছাড়াই ব্যক্তির প্রকৃতি ( বাত, কফ, পিত্ত ) অনুযায়ী শরীর নিজস্ব স্বাভাবিক ক্ষমতার মাধ্যমে নিজেই নিজেকে সুস্থ করে তুলতে পারে । এখানে ‘ওষুধ’ বলতে বোঝায় সঠিক খাদ্যসমন্বয়, প্রাকৃতিক ভেষজ, ব্যক্তিভিত্তিক খাদ্যতালিকা এবং স্বাস্থ্যকর অভ্যাস। পাশাপাশি ধূমপান ও মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাস ত্যাগ করতেও উৎসাহ দেওয়া হয়।
2. ন্যাচারোপ্যাথি কোন ধরনের অসুস্থতা বা সমস্যার চিকিৎসা করতে পারে?
- ন্যাচারোপ্যাথি চিকিৎসা কেবল উপসর্গভিত্তিক নয়। তাই সুস্থ বা অসুস্থ — যে কেউই নিজের স্বাস্থ্য উন্নত করতে বা সুস্থতা বজায় রাখতে একজন ন্যাচারোপ্যাথের শরণাপন্ন হতে পারেন।
- ন্যাচারোপ্যাথি প্রতিরোধমূলক চিকিৎসা হিসেবে সবচেয়ে কার্যকর। এটি ভাঙা হাড় বা হার্ট অ্যাটাকের মতো তীব্র সমস্যাকে সরাসরি সারিয়ে তোলার দাবি করে না, তবে এগুলো প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। এমনকি ক্যানসারের চিকিৎসাতেও এটি সহায়ক হিসেবে কার্যকর প্রমাণিত হয়েছে। উদাহরণস্বরূপ, নিউট্রিশন থেরাপির সহায়তায় কেমোথেরাপি অনেক মানুষকে এই রোগ কাটিয়ে উঠতে সাহায্য করেছে।
- ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা এবং উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রেও ন্যাচারোপ্যাথি অত্যন্ত কার্যকর সমাধান। কারণ এটি শুধু উপসর্গের চিকিৎসা করে না, বরং রোগের মূল কারণকে লক্ষ্য করে কাজ করে।
তাছাড়া বারবার ওষুধ খাওয়া অনেক সময় গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই স্বাভাবিক ও প্রাকৃতিক উপায়ে নিজেকে সুস্থ করা বুদ্ধিমানের কাজ। ভাবুন তো, নিয়মিত ওষুধের মাত্রা ঠিক করার জন্য ডাক্তার দেখানোর পরিবর্তে আপনি যদি খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেই নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারেন, তাহলে কেমন হয়?
3. ন্যাচারোপ্যাথি চিকিৎসায় খাদ্যের ভূমিকা কি?
এই চিকিৎসা পদ্ধতিতে খাদ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শরীরের তিনটি প্রকৃতি রয়েছে — বাত (Vata), পিত্ত (Pitta) এবং কফ (Kapha)। আপনার শরীরের প্রকৃতি অনুযায়ী একজন ন্যাচারোপ্যাথ বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা করেন, যার মধ্যে অন্যতম হল খাদ্যাভ্যাস।
যে খাবার আপনার শরীরের প্রকৃতির সঙ্গে মানানসই নয়, তা শরীরে নানা সমস্যা সৃষ্টি করে। সঠিক খাদ্যতালিকা এই ভারসাম্যহীনতা দূর করে শরীরকে তার স্বাভাবিক ও সুস্থ অবস্থায় ফিরিয়ে আনে।
উদাহরণস্বরূপ, ২৫ বছর বয়সী শঙ্করের (নাম পরিবর্তিত) ফাস্টিং সুগারের মাত্রা ২৪০ হওয়ায় তিনি ডায়াবেটিক রোগী হিসেবে চিহ্নিত হন । বিভিন্ন ধরনের চিকিৎসা করেও যখন তিনি উপকার পাচ্ছিলেন না, তখন তিনি ন্যাচারোপ্যাথির সাহায্য নেন। তিনি বলেন, “১০ দিনের একটি চিকিৎসায় , যেখানে আমি ন্যাচারোপ্যাথি ডায়েট অনুসরণ করেছিলাম, আমার ফাস্টিং সুগারের মাত্রা ১৪০-এ নেমে আসে। এরপর আরও ছয় মাসের মধ্যে তা ১০১-১০২ -এর মধ্যে চলে আসে। তারপর থেকে আমি ওষুধ খাওয়া বন্ধ করেছি এবং নির্ধারিত খাদ্যতালিকাই অনুসরণ করছি!”
তবে অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের শরীর আলাদা এবং সবার শরীরের প্রতিক্রিয়াও ভিন্ন হতে পারে।
4. ন্যাচারোপ্যাথি ডায়েট আমাকে কিভাবে সাহায্য করতে পারে?
আপনার শরীরের স্বাভাবিক ঘাটতিগুলো পূরণ করতে যে ‘ওষুধ’ সাধারণত দেওয়া হয়, ন্যাচারোপ্যাথি ডায়েটে সেই উপাদানগুলোই প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে অন্তর্ভুক্ত থাকে।
এই ডায়েটের মূল উদ্দেশ্য হল শরীরের ভেতরের ভারসাম্যহীনতাকে ঠিক করা। এই ভারসাম্যহীনতাই আমাদের বিভিন্ন ধরনের খাবারের প্রতি অরুচি ও অতিরিক্ত খাওয়ার ইচ্ছার কারণ হয়ে ওঠে।
উদাহরণস্বরূপ, যদি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে আপনার খাদ্যতালিকায় এমন খাবার রাখা হবে যেগুলোতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে এবং যেগুলো শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এটি ক্যালসিয়ামের বড়ি খাওয়ার চেয়ে অনেক বেশি উপকারী।
এছাড়াও, ন্যাচারোপ্যাথি ডায়েট আপনাকে প্রকৃতির কাছে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে খাবার (কোনো কৃত্রিম রং, সংরক্ষণকারী, রাসায়নিক পদার্থ বা জিনগত পরিবর্তন ছাড়াই) একেবারে বিশুদ্ধ ও প্রাকৃতিক রূপে থাকে ।এই ধরনের খাবার শরীরে অধিক প্রাণশক্তি যোগায়, ফলে আপনি নিজেকে হালকা ও সতেজ অনুভব করেন। এর ফলে চিন্তাভাবনা আরও পরিষ্কার ও নির্মল হয়। পাশাপাশি এটি অলসতা ও ক্লান্তিও দূর করতে সাহায্য করে।
5. আমার নির্দিষ্ট সমস্যার জন্য কি আপনি একটি ভালো ন্যাচারোপ্যাথি ডায়েটের পরামর্শ দিতে পারেন?
ন্যাচারোপ্যাথিতে সবার জন্য একই ধরনের নির্দিষ্ট খাদ্যতালিকা বা সমাধান নেই। এমনকি একই পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রত্যেকের শরীরের চাহিদা আলাদা হতে পারে।
এছাড়াও, ডায়াবেটিসের জন্য এক ধরনের, উচ্চ রক্তচাপের জন্য আরেক ধরনের, কিংবা হরমোনজনিত সমস্যার জন্য আলাদা কোনো নির্দিষ্ট ডায়েট চার্ট নেই। তবে এই খাদ্যাভ্যাস গ্রহণ করলে আপনার জীবনযাত্রার মান ও স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
6. যারা সুস্থ কিন্তু ওজন কমানো বা ব্রণ দূর করার মতো বিষয়ে আগ্রহী, তাদের জন্যও কি ন্যাচারোপ্যাথি ডায়েট কার্যকর?
হ্যাঁ, এই ডায়েট আপনার শরীরের প্রকৃতি (prakruti/constitution) অনুযায়ী ব্যক্তিগতভাবে তৈরি করা হয়। তাই শরীরের ভেতরের ভারসাম্যহীনতা ঠিক হয়ে গেলে, আপনার সমস্যাগুলিও ধীরে ধীরে কমে আসে ও স্বাভাবিক হয়ে যায়।
ওজন কমানো বা ব্রণের সমস্যার ক্ষেত্রে, ন্যাচারোপ্যাথি ডায়েটের পাশাপাশি ডাক্তার আপনাকে যোগব্যায়াম, সাঁতার বা হাঁটার মতো শারীরিক ব্যায়াম করার পরামর্শও দিতে পারেন।
7. সাধারণত ন্যাচারোপ্যাথি ডায়েটে কী ধরনের খাবার থাকে?
ন্যাচারোপ্যাথি ডায়েটে এমন খাবার অন্তর্ভুক্ত থাকে যা যতটা সম্ভব প্রাকৃতিক অবস্থার কাছাকাছি থাকে। এতে কোনো কৃত্রিম উপাদান, সংরক্ষণকারী বা কীটনাশক থাকে না।
এই ডায়েটে সাধারণত যেসব খাবার থাকতে পারে:
- পুষ্টিকর সম্পূর্ণ শস্যজাত খাবার, যেমন অপরিশোধিত চাল ও মিলেট (ক্ষুদ্র শস্য যেমন বাজরা ও রাগি)
- তাজা ফল—বিশেষ করে মরশুমের ফল
- ভাপানো ও সেদ্ধ সবজি
- সবুজ শাকসবজি ও স্যালাড
- ভেষজ ও মশলা
- বাদাম, বাদামের দুধ এবং বাদাম থেকে তৈরি তেল
- তেলবীজ
- দুগ্ধজাত খাবার (হজম ক্ষমতা অনুযায়ী)
- ফারমেন্টেড বা গাঁজানো খাবার
- প্রাকৃতিক লবণ—যেমন শিলা বা সম্ভব (সেঁধে) লবণ বা সমুদ্রের লবণ
- প্রাকৃতিক ফলের রস, শাঁসসহ বা শাঁস ছাড়া (কোনো কৃত্রিম রং বা চিনি ছাড়া)
- ঐতিহ্যবাহী খাবার যেমন লাড্ডু যা বাদাম, তিল ও শুকনো ফল দিয়ে তৈরি করা হয়।
যে সমস্ত খাবার আপনাকে শক্তি জোগায় এবং শরীরকে পুষ্টি দেয়, সেগুলিই ন্যাচারোপ্যাথি ডায়েটের অংশ। তবে স্বাভাবিকভাবেই, প্রত্যেক ব্যক্তির শরীরের প্রকৃতি, সাংস্কৃতিক পটভূমি, অঞ্চল এবং ঐতিহ্য অনুযায়ী খাদ্যতালিকা ভিন্ন হয়।
তাই, আপনি যদি উত্তর ভারতের হন, তাহলে আপনার খাদ্যতালিকায় গমজাত খাবার, খিচুড়ি এবং লস্যি থাকতে পারে। অন্যদিকে, দক্ষিণ ভারতের কারও খাদ্যতালিকায় পোঙ্গল বা দই-ভাতের মতো চালভিত্তিক খাবার থাকতে পারে।
যে খাবার আপনাকে শক্তি দেয়, সেটিই আবার অন্য কাউকে ক্লান্ত করে দিতে পারে। উদাহরণস্বরূপ, কেউ কেউ বলেন সকালে ঘুম থেকে উঠেই ক্যাফেইন খেলে তারা সারাদিন চনমনে থাকেন; আবার অন্যদের মতে, এটি তাদের বমিভাব ও অ্যাসিডিটির কারণ হয়!
8. ন্যাচারোপ্যাথি ডায়েটে কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত?
- সব ধরনের প্রসেস্ড (processed) খাবার এড়িয়ে চলা উচিত, যেমন:
ক) সাদা বা ব্রাউন চিনি – এর পরিবর্তে তাল মিছরি, নারকেলজাত চিনি, গুড় বা মধু ব্যবহার করা যেতে পারে।
খ) আয়োডিনযুক্ত লবণ – এর বদলে প্রাকৃতিক শিলা লবণ বা সমুদ্রের লবণ ব্যবহার করা ভালো।
- পরিশোধিত খাবার যেমন সাদা চাল, ময়দা এবং পরিশোধিত মিলেটও এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে লাল চাল, ব্রাউন রাইস এবং অপরিশোধিত মিলেট ব্যবহার করা যেতে পারে।
- তেলযুক্ত ও ভাজা খাবারের বদলে বেক করা (প্রথাগত ওভেনে), শুকনো ভাজা বা রোদে শুকানো খাবার বেছে নেওয়া ভালো।
- শুধুমাত্র A2 ঘি খাদ্যতালিকায় রাখা উচিত, তাও পরিমিত পরিমাণে—প্রতিদিন প্রায় দেড় চামচের মতো।
9. শুধুমাত্র ন্যাচারোপ্যাথি ডায়েট কি আমাকে সুস্বাস্থ্য অর্জনে সাহায্য করবে?
ন্যাচারোপ্যাথি ডায়েট এই চিকিৎসা পদ্ধতির একটি মৌলিক অংশ। তবে সম্পূর্ণ সুস্বাস্থ্যের জন্য এই ডায়েটের পাশাপাশি ন্যাচারোপ্যাথির অন্যান্য পদ্ধতিও ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
এগুলোর মধ্যে থাকতে পারে:
- ভেষজ চিকিৎসা
- আকুপাংচার
- আকুপ্রেশার
- যোগব্যায়াম
- ধ্যান
- প্রাণায়াম বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম
- মার্মা থেরাপি—শরীরের গুরুত্বপূর্ণ পয়েন্টে (মার্মা পয়েন্ট) হালকা স্পর্শের মাধ্যমে চিকিৎসা
- মেরু চিকিৎসা— মেরুদণ্ডে হালকা স্পর্শের মাধ্যমে চিকিৎসা
- জলচিকিৎসা
- মাটিচিকিৎসা —শরীরকে বিষমুক্ত করতে মাটির নিরাময়কারী গুণ ব্যবহার করা
- প্রত্যাহার —বাহ্যিক প্রভাবের উপর নিয়ন্ত্রণ অর্জন
…এগুলো তো কেবল কয়েকটি উদাহরণ মাত্র!
আপনার জন্য সবচেয়ে উপযুক্ত খাদ্যতালিকা নির্ধারণ করতে একজন ন্যাচারোপ্যাথ নাড়ী পরীক্ষা, রক্ত পরীক্ষা, বিস্তারিত প্রশ্নোত্তর এবং বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। যেহেতু ন্যাচারোপ্যাথি ডায়েট আপনার স্বাভাবিক প্রকৃতি অনুযায়ী তৈরি করা হয়, তাই আপনি খাবারের মাধ্যমেই সুস্বাস্থ্যের পথে এগিয়ে যেতে পারেন!
যখন আপনি আপনার স্বাভাবিক প্রকৃতি থেকে দূরে সরে যান, তখন তাকে বলা হয় “বিকৃতি” (vikruti), আর এটিই অসুস্থতার মূল কারণ। আপনি যত বেশি নিজের প্রকৃতির কাছাকাছি থাকবেন, ততই আপনি মানসিক, শারীরিক এবং আবেগগতভাবে সুখী থাকবেন; আর এটাই সর্বাঙ্গীণ সুস্থতার আদর্শ উপায়।
আপনি চাইলে Sri Sri College of Ayurvedic Science and Research Hospital-এ একজন ন্যাচারোপ্যাথের সঙ্গে পরামর্শ করতে পারেন।
(এই লেখাটি Dr. Surya Ramesh, ন্যাচারোপ্যাথ, Sri Sri Ayurveda Hospital এবং Art of Living Foundation-এর শিক্ষকের বিস্তৃত মতামতের ভিত্তিতে রচিত।)











