ধ্যান সম্পর্কে সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলি
1. ধ্যান মানেই একাগ্রতা
ধ্যান মানে একাগ্রতা নয়। বরং ধ্যান হল একাগ্রতা থেকে মুক্ত হওয়া। একাগ্রতা ধ্যানের একটি উপকারিতা মাত্র। একাগ্র হতে গেলে চেষ্টা করতে হয়, কিন্তু ধ্যান হল মনের সম্পূর্ণ শিথিলতা। ধ্যান মানে সবকিছু ছেড়ে দেওয়া। যখন আপনি ছেড়ে দিতে পারেন, তখন আপনি গভীর বিশ্রামের অবস্থায় থাকেন। মন যখন নিশ্চিন্ত হয়, তখন আমরা আরও ভালোভাবে একাগ্র হতে পারি।
2. ধ্যান একটি ধর্মীয় অনুশীলন
যোগ ও ধ্যান অতি প্রাচীন চর্চা, যা সব ধর্মের ঊর্ধ্বে। ধ্যানের ক্ষেত্রে কোনো ধর্মীয় বাধা নেই। ধ্যান বিভিন্ন ধর্ম, জাতি ও বিশ্বাসকে একত্রিত করতে পারে। যেমন সূর্য সবার জন্য আলো দেয়, বাতাস সবার জন্য বয়ে যায়—ঠিক তেমনই ধ্যান সবার উপকার করে।
আমরা সব ধরনের পশ্চাদপট, ধর্ম ও সংস্কৃতির মানুষকে মনে আনন্দ নিয়ে একসাথে ধ্যান করতে উৎসাহিত করি।
– গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর
বিশ্বব্যাপী সহজ সমাধি
ধ্যান উৎসব
অনায়াসে আত্মোন্নতি অনুভব করুন
শ্রীমতি ভানুমতি নরসিংহনের সঙ্গে সরাসরি অধিবেশন
সহজে ধ্যান করতে শিখুন অনলাইন/ মূখোমুখি22 - 24 மே 2026
রেজিস্টার করুন!3. ধ্যান করতে হলে পদ্মাসনে বসতেই হবে
মহর্ষি পতঞ্জলির যোগসূত্র মনের প্রকৃতি নিয়ে এক বৈজ্ঞানিক অনুসন্ধান। সেখানে বলা হয়েছে- “স্থিরম্ সুখম্ আসনম্” – অর্থাৎ ধ্যানের সময় স্থির ও আরামদায়কভাবে বসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি পা ভাঁজ করে, চেয়ারে বসে, এমনকি সোফায় বসেও ধ্যান করতে পারেন-সবই ঠিক। ধ্যান শুরু করার সময় মেরুদণ্ড সোজা রাখুন এবং মাথা, ঘাড় ও কাঁধ শিথিল রাখুন।
4. ধ্যান শুধু বয়স্কদের জন্য
ধ্যান সর্বজনীন এবং সব বয়সের মানুষের জীবনে মূল্য যোগ করে। 8-9 বছর বয়স থেকেই ধ্যান শুরু করা যায়। যেমন স্নান শরীরকে পরিষ্কার রাখে, তেমনই ধ্যান মনকে পরিষ্কার ও চাপমুক্ত রাখে।
5. ধ্যান অনেকটা সম্মোহনের মত
ধ্যান হল সম্মোহনের প্রতিষেধক। সম্মোহনে মানুষ বুঝতে পারে না তার সঙ্গে কী হচ্ছে, কিন্তু ধ্যান হল প্রতিটি মুহূর্ত সম্পর্কে সম্পূর্ণ সচেতনতা। সম্মোহন মানুষকে তার মনের পুরনো ছাপের মধ্যে ঘোরায়, কিন্তু ধ্যান সেই ছাপগুলো থেকে মুক্ত করে। এটি আমাদের চেতনাকে সতেজ ও স্বচ্ছ করে তোলে। সম্মোহন শরীরের বিপাকক্রিয়া বাড়ায়, আর ধ্যান তা কমায়।
আপনি যদি প্রতিদিন প্রাণায়াম ও ধ্যান করেন, তাহলে কেউ আপনাকে সম্মোহিত করতে পারবে না
– গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর
6. ধ্যান মানে চিন্তাকে নিয়ন্ত্রণ করা
চিন্তাগুলো আমাদের আমন্ত্রণে আসে না। তারা আসার পরেই আমরা তাদের সম্পর্কে সচেতন হই। চিন্তা আকাশের মেঘের মতো—তারা আসে এবং চলে যায়। চিন্তাকে নিয়ন্ত্রণ করতে গেলে চেষ্টা লাগে, কিন্তু একটি শান্ত,নিশ্চিন্ত মনের চাবিকাঠি হল চেষ্টা না করা। ধ্যানে আপনি ভালো চিন্তার লোভ করেন না, আবার খারাপ চিন্তাকেও এড়িয়ে যান না। আপনি একজন সাক্ষীর মতো থাকেন—চিন্তাগুলোকে দেখেন, তাদের ঊর্ধ্বে উঠে যান এবং নিজের ভেতরের গভীর নীরব স্থানে প্রবেশ করেন।
7. ধ্যান মানে সমস্যার থেকে পালিয়ে যাওয়া
বরং এর ঠিক উল্টো-ধ্যান আপনাকে হাসিমুখে সমস্যার মুখোমুখি হওয়ার শক্তি দেয়। পরিস্থিতিকে সুন্দর ও গঠনমূলকভাবে সামলানোর দক্ষতা আপনার মধ্যে বিকশিত হয়। আপনি পরিস্থিতিকে যেমন আছে তেমনই গ্রহণ করতে শেখেন এবং সচেতনভাবে পদক্ষেপ নেন। আপনি আর অতীত নিয়ে দুশ্চিন্তা করেন না, ভবিষ্যৎ নিয়েও অকারণে ভাবেন না। ধ্যান ভেতরের শক্তি ও আত্মমর্যাদাকে পুষ্ট করে। জীবনে চ্যালেঞ্জ এলেও নিয়মিত ধ্যান আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে।
8. আনন্দময় শান্তি পেতে হলে ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করতে হয়
গভীর অভিজ্ঞতা লাভ করবার জন্যে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার দরকার নেই। আপনার অন্তর্নিহিত উৎসের সঙ্গে সংযোগ এক মুহূর্তের মধ্যেই ঘটতে পারে। দিনে দু’বার 20 মিনিট করে সহজ সমাধি ধ্যান করাই ভেতরের জগতে প্রবেশ করার জন্য যথেষ্ট। আপনি যখন প্রতিদিন ধ্যান করতে শুরু করবেন, ধ্যানের গুণমান নিজে থেকেই উন্নত হবে এবং ধ্যানের উপকারও আপনি অনুভব করতে শুরু করবেন।
9. ধ্যান করলে সংসার ছেড়ে সন্ন্যাসী হতে হয়
ধ্যান করা বা আধ্যাত্মিক পথে এগোতে গেলে পার্থিব জীবন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। বরং ধ্যানের মাধ্যমে জীবনের আনন্দ উপভোগ করার ক্ষমতা আরও বেড়ে যায়। শান্ত ও নিশ্চিন্ত মনে আপনি নিজে সুখী থাকতে পারেন এবং আপনার চারপাশের মানুষকেও সুখী করতে পারেন।
10. ধ্যানের উপকার পেতে হলে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দিকে মুখ করে বসতে হয়
ধ্যানের জন্য যে কোনো সময়ই ভালো এবং সব দিকই ধ্যানের জন্য উপযুক্ত। শুধু এটুকু খেয়াল রাখতে হবে—পেট যেন বেশি ভরা না থাকে, নইলে ধ্যানের বদলে ঘুম এসে যেতে পারে। তবে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ধ্যান করা একটি ভালো অভ্যাস। এটি সারাদিন আপনাকে শান্ত রাখে আর কর্মশক্তিতে ভরপুর রাখে।
আমরা আশা করি ধ্যান সম্পর্কে প্রচলিত ও জনপ্রিয় এই ভুল ধারণাগুলো দূর করতে পেরেছি।











